Monday

11-05-2026 Vol 19

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু, দীর্ঘ জেরার পর ইডির পদক্ষেপ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। সোমবার সারাদিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, এদিন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে যান সুজিত বসু। সেখানে তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি ইডির।
উল্লেখ্য, গত বছরও এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অভিযোগ উঠেছিল, সাউথ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে।
ইডির দাবি, তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র এসেছে, যার ভিত্তিতেই এই গ্রেফতারি করা হয়েছে।
এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতার নাম জড়িয়েছে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং জেলেও যেতে হয়েছে তাঁদের। এবার সেই তালিকায় যুক্ত হল সুজিত বসুর নাম।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনে পরাজয়ের পর এমনিতেই চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই দলের অন্যতম নেতার এই গ্রেফতারি বিরোধী দলের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
Reporter: Imon Mukherjee

Editor