রিপোর্টার : নীলাঞ্জনা সাহা, KICI TV News Bengali, কলকাতা: বাজেটের পরিসংখ্যান যত বড়ই হোক, সাধারণ মানুষের কাছে আসল প্রশ্ন একটাই, এতে আমার কী লাভ হল? আর সেই হিসাবেই বিচার শুরু হয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের।
এই বাজেটের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধি, এক লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি এবং ‘ভরসা’ প্রকল্পে বেকার স্নাতকদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণাও নজর কেড়েছে।
এছাড়াও ৪০ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি, নতুন শিল্পনীতি, AI মিশন এবং পাঁচটি নতুন জেলা গঠনের পরিকল্পনা সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনাকে সামনে এনেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বারবার কর্মসংস্থান ও শিল্পায়নের উপর জোর দিয়েছেন।
তবে প্রশ্নও কম নেই।
বিরোধীদের দাবি, এক লক্ষ চাকরির ঘোষণা করা হলেও নিয়োগের নির্দিষ্ট রূপরেখা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার বরাদ্দ কমানো নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অনেকের মতে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বড় ঘোষণা আসতে পারত।
সব মিলিয়ে এই বাজেটে বাংলা পেয়েছে একাধিক বড় প্রতিশ্রুতি, আর্থিক সহায়তার আশ্বাস এবং কর্মসংস্থানের বার্তা। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবে রূপ পায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
রিপোর্টার : নীলাঞ্জনা সাহা, কলকাতা